শিরোনাম: আমি জগতে লোক পাইলাম না
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ২৮

আমি জগতে লোক পাইলাম না ।
সময় থাকতে ভাবে মিল না
অ মনরে- প্রাণে বড় দয়া ছিল, লোক অভাবে রহিত রইল।
মনের কথা মনে রইল, খরিদ্দার মিল্‌ল না ॥
অ মনরে-এই দেহের বাড়ী কই, পূনঃ ফিরে কোথায় রই ?
এই খবর না জানিলে, মুদা লোকের তুলনা ॥
অ মনরে- জিন্দা হইলে আর মরে না, মুর্শেদ বিনে কেউ জানে না।
‘আছলে বেছাল' না হইলে জীবনের মূল রইল না ॥
অ মনরে- ভাদ্র মাসের বৃষ্টির মাঝে, রহমতের মেঘ হয় এক রোজে ।
ব্যাঙে পাইলে মানিক ফলে, সাপেতে লাল ঘোষণা ॥
অ মনরে- হরিণে সেই বৃষ্টি পাইলে, মেঙ্ক ফলে নাভি মূলে।
হস্তিতে সেই মেঘ পড়িলে, দন্তে মুক্তার সৃজনা !
অ মনরে- বুঝলাম পশুর এলেম আছে, রহমতের মেঘের আশে ।
বকের মত চেয়ে থাকে, কৃপা বৃষ্টির বাসনা ॥
অ মনরে- গুপ্ত রত্ন অক্ষয় ধন, চার যদি কারো মন।
আহলে মহব্বত না হইলে, এই ধন কভু ঘটবে না
অ মনরে- নফস্থানী গরজ থাকিলে, হক্‌কানী বিনাশ হয় মূলে।
হুঁশিয়ারীতে বৈঠা ধর, প্রেমিক সাধু যেই জনা ॥
অ মনরে- আবদুল 'আযীয় কায়মনে, প্রেম-সাগরে বাদাম টেনে
স্থির ভাবে ধরছে বৈঠা, পাক বাতাসে সুরৰে না॥





তথ্যসূত্র