শিরোনাম: আর কিছু উপদেশ বলিব এবার
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ৫
আর কিছু উপদেশ বলিব এবার ।
মন নিবেশ কর বৎস দেলের মাজার
মনরে, তিন বাদশাহ আছে তনে, আর তিন উজির
প্রথম বাদশাহ্ রুহ, আক্কল তার উজির ॥
দুছরা বাদশাহ্ নফছ, তার উজির শয়তান।
তৃতীয়াতে দিল বাদশাহ্, জবান উজির তার ॥
মনরে, ছয় ছিফত মুসলমানের আমলে থাকিবে।
শেরেক ও কুফুরী হতে বাঁচিয়া রহিবে ॥
দ্বিতীয় তাছলীম করা শরিয়ত বিধান
তৃতীয়াতে এবাদত, চৌথা পরহেজগার ॥
মনরে, পঞ্চমে সবুরী হালে করিবে গোজরান ।
ষষ্ঠমেতে মারেফাত দিলের রৌশন ॥
এই মত আমলেতে যে জন না থাকে ।
কামেল মুসলমান বলে না হইল শুমার ॥
ইস্লামের ছয়টি ছিফত জানিবে নিশ্চয়।
পহেলাতে মারেফাতের মুর্তি চিনতে হয়।
দ্বিতীয়াতে ছাখাওয়াতী, সাদেক একিন তিনে।
তাকদিরে ছাবেত থাকা চতুর্থ প্রকার ॥
পঞ্চমেতে তাওয়াক্কল, ষষ্ঠমেতে ত্যাগী।
মৎস্য যেমন জলে থাকে নাহি থাকে লাগি ॥
এমত আমল যদি করিতে না পার ।
আবদুল আযীয বলে জীবন হইল অসার ॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:৩।