শিরোনাম: বৎস, বলি রে এখন, ছওয়ালের জবাব বলি
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ৮
বৎস, বলি রে এখন, ছওয়ালের জবাব বলি,
মন দিয়া শুন ।
সাত নম্বর প্রশ্নের উত্তর শুন বাছা ধন,
মন দিয়া স্বরণ রাইখ অমূল্য রতন ।
'আল 'ইনছানু ছের্ রুন' বলি জানিবা নিশ্চয়,
গঞ্জে মুখফি মানুষেতে দলিলে প্ৰমাণ ॥
'লাছাউনিয়াল আরদু' হাদিস রসুল,
'আলাছ ছামাঊ অলকিন' তৎসৎগীয় বোল।
ইয়াছউনি' ফের তৎসৎগীয় কথা,
'কুলুবুল মুমিনিন' এই সংগীয় প্রমাণ ।
আসমান ও জমিনে আমার শুনজাইশ নাই,
মুমিনের কলবের মধ্যে আমি বসত পাই।
এই কথা খোলাগুদ স্বীকার করিল,
ছহি হাদিস বলি' ইহা হইল প্রমাণ।
জাদিদনা কাদিম খোদা, কি করিয়া হবে,
হাশেমা একই হাল তাহাকে জানিবে।
আল আনা কামা কানা দলিল তাহার,
নুতন ও পূরাণ তাহে জানিতে বারণ।
খোদাকে দেখিতে হবে যদি মমিন হও,
না দেখিলে কি নিশানে বান্দা হইয়া রও।
ইহকালে খোদাকে যে চিনিতে না পারে,
পর কালে আন্ধা হইয়া রহিবে তখন।
"মান কান ফি হাজীরী আমা' ইহার দলিল,
'ফাহুয়া ফিল আখেরাতে আমা বড়ই মুস্কিল।
খোদাকে দেখিতে চক্ষু না খুলিল যার ,
পরেও থাকিবে অন্ধ দলিলে প্রমাণ।
অন্ধ লোক ব্যস্ত থাকে চলে অনুমানে,
প্রেম নাহি থাকে তাদের থেকে অদর্শনে।
অতএব দেখিবার যদি বাঞ্ছা কর,
ইহা না ঘটিবে কভু মুর্শেদ বিহন।
যে বিন্দুতে মানুষ পফদা, ওহে বাছাধন,
গুপ্তধন তার ভিতরে করেছে কীর্তন।
'কাশফ' হইলে বুঝিবার শক্তি সঞ্চয় হবে,
অন্য কৌশল নাহি ভার মুর্শেদ বিহন।
খাকি শরীর বল যারে রুহ তার মূল,
ইহার মূলে নূর জান এই কথা মাকুল।
সুরের মূল আল্লাহ্ তায়ালা জাত পাক বারী,
শরীরের ভেদ বুঝবে করিলে সাধন।
পর কিতাবের আলীম যারা ইহা না বুঝিবে,
ভেদের কথা জানতে এলমে লাদুনী লাগিবে।
লাদুনী এলেম হয় রিয়াজত করিলে,
কামেল মুর্শেদ পাইতে হবে জানিতে সন্ধান ।
আবদুল আযীয বলে কথা রাখিবা সাবধান,
দিলে মনে তালাশিলে মিলে মুর্শেদ ধন।
কামেল মুর্শেদ যার ভাগ্যে ঘটে যায়,
ভেদের কথা সাধন হলে না হবে মরণ ॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:৫,৬।