শিরোনাম: চল রে যাই আপন দেশে, আর
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ৩২

চল রে যাই আপন দেশে, আর ও ভাল লাগে না,
বিদেশে আর মন মিশে না॥
মনরে: এ-বিদেশে সব বিদেশীর বাসা, তাতে নাই রে মিলা মিশা।
শুধু কেবল ভুল তমসা, দেশের খবর কেউ করে না ॥
আপন দেশে আছে যারা, লাহুত পুরে থাকে তারা-
মনরে:খোশ বাগানে মধু পানে হুহু বাঁশীর বাজনা ।
মনরে: দেশে গিয়া দেশীর সঙ্গে, খেলবে তুমি নানা রঙ্গে।
দেশী বন্ধুর কীৰ্ত্তন পাইলে, দিন-রজনী থাকবে না॥
মনরে: এ-বিদেশে আছে যারা, বুঝলাম তারা মতি হারা।
আপন দেশের খোঁজ রাখে না, ভুল বাজারের কারখানা॥
মনের মানুষ নাই এদেশে, মন মিশিবে এতে কিসে।
চল চল আপন দেশে, এদেশে নাই আপনা ॥
মনরে: কইও খবর ওরে ভ্রমর, লাহুত পুরে যারা অমর।
তারা আমার জাতি বন্ধু, আমায় স্মরণ করে না॥
তারা আছে অমর পুরে, বাঁশী বাজায় মধুর সুরে ।
জাতি ভ্রাতা আছে জেলে, খোঁজ লওয়া কি উচিৎ না ?
আবদুল আযীয বলি তোরে, খেল পাশা সাহস করে।
একতে এক বিয়োগ গেলে, দেশ-বিদেশ আর থাকে না॥


তথ্যসূত্র