শিরোনাম: কে তুমি তার মূল পাইলাম না
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ২৯

কে তুমি তার মূল পাইলাম না, (কেন ভোগ যন্ত্রণা
আবার কর আমোদ প্রমোদ, স্বভাবের ভাও, বুঝলাম না ॥
শিশুরূপে ক্রন্দন কর, মাতারূপে স্নেহ ধর।
দুগ্ধ রূপে পান করিয়া, আইনের ঘরে বন্দনা ॥
ধরাধাম নাম ধরিয়া, তাতে রইলা গোপন হইয়া।
ফানা ত যায় ফানা হইয়া, বাকার হইল ঘোষণা ॥
যথা তুমি তথা আমি, তুমি হও জগতের স্বামী।
তুমি নির্দোষ আমি দোষী, ভাও করিতে পারলাম না ।
তুমি যথা আমি তথা, আলিফ-লাম-মিমের কথা।
আলিফ-লামের ভাজারীতে, মীমের এই কারখানা
আলিফ-লামের ফাঁক বুঝিয়া, যে খেলছে তোমারে লইয়া ।
দিবানিশি ফাঁক পড়ে না, পাপের জায়গা থাকে না ॥
মুর্শেদ দয়া বিনে, কে পৌঁছিবে এই সন্ধানে।
দয়া কইরে বুঝাও মোরে, অহে মুর্শেদ রব্বানা॥
লাতানাতু সম্বল নিয়া, আবদুল আযীয বাঁধছে হিয়া।
দিবা নিশি ভাবে মগ্ন, কখন যেন ছুটে না॥


তথ্যসূত্র