শিরোনাম: মন রে আমার, সৃষ্টি কৌশল তত্ত্ব
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১১
মন রে আমার, সৃষ্টি কৌশল তত্ত্ব কিছু করিব প্রচার॥
মন রে আমার 'আফাক আনুচ্ছ' নামে দুইটি দেশ আছে,
'ক্ষুদ্র বৃহৎ' বাংলা নামে মশহুর হইয়াছে।
ক্ষুদ্র মা'নি বহির জগত দেখ বিদ্যমান।
অন্তর জগত বৃহৎ বলে আছে ত শুমার॥
মন রে আমার, ক্ষুদ্র যত বস্তু দ্বারা হইয়াছে সাজানো ।
তত বস্তু বৃহৎ দেশে দেখিতে পাইনু॥
মানব দেহ বহির জগত তাছাওয়াফ সন্ধান ।
অন্তর জগত জান হেকমতের কারবার ॥
মন রে আমার,দেহ দেশে কোন বস্তু দুর্বল হইলে।
অন্য বস্তু সবল হইয়া অত্যাচার করিলে,
ইহাকে বিমার বলে ডাক্তারী এলেমে।
ক্ষুদ্র দেশের বস্তুর সাহায্যে ঔষধ তাহার ॥
মন রে আমার, আর এক এলাজ তার কেহ কেহ জানে,
জানের দেশ হতে দাওয়া তাহার কারণে,
তাবিজ কবজ ঝারা ফুঁকি এলমে জফর মূলে ॥
খোদাই তত্ত্বের কথা নাহি তার ভিতর ।
মন রে আমার, বৃহৎ দেশের অভাব জান অপ্রেমিক হওয়া।
খোদার নিকটে থাকে এই বিমারের দাওয়া,
কামেল মুর্শেদ জানে ইহার এলাজ।
খেদমতে হইলে রাখী দেখিবে বাহার ॥
মন রে আমার, ভ্রমণ করিলে তুমি অবাক হইবে,
প্রেম-বাগানে অমর সুধা তখন পাইবে।
ভুলেতে পড়িয়া হায় হায না করিবে আর ।
ভুল বিমার সারাইবে মুর্শেদ তোমার॥
প্রেম সুধা পান করিলে দেখবে চমৎকার।
মুর্শেদপুরে সুকৌশলে প্রেমের বাজার,
নানা রঙ্গে সাজিয়াছে বহু রঙ্গের খেলা।
আবদুল 'আযীয মজে রইল সে খেলা মাঝার ॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:১০।