শিরোনাম: মুর্শেদ, নিবেদি চরণে, আরবা আনছারের
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ৭
মুর্শেদ, নিবেদি চরণে, আরবা আনছারের কথা বলিবেন আপনে।
মুর্শেদ,আনাছারের মোয়াককেল কাহার কেবা আছে,
কিরূপেতে চালু হয় জানাবেন শেষে।
না জানিয়া এবাদতে কি লজ্জত হবে,
ছোলায় নারিকেলের সাধ বুঝিব কেমনে।
হাকিকতে দমের নাম জামেয়া প্রকাশ,
কি কারণ আছে তাতে জানিতে উল্লাস।
না জানিলে ইহার ভেদ বৃথা জীবন গেল,
দলিল দ্বারা উত্তর দিয়া বুঝাও অধীনে ॥
খোদাকে দেখিতে মোর মনে বড় সাধ,
মৌলভীগণ ইহা শুনলে ঘটায় প্রমাদ ॥
দেখিতে পারিব কি না ইহ জীবন কালে,
দলীলে নি আছে ইহা বলিবেন আপনে ॥
যেই তুখমে মানুষ পয়দা, বিন্দু বলে যারে,
ক্ষুত্র বৃহৎ ব্ৰহ্মাণ্ড কি আছে তার অন্তরে ?
দলিলে তা আছে কি না জানিবারে চাই,
জিজ্ঞাসিলে মৌলভীগণ বলে, নাহি জানে ॥
থাকি শরীর কিসের দ্বারা তৈয়ার হইল,
জানিতে বাসনা তোমার বংসের জন্মিল।
মৌলভীগণ ইহার খবর বলিতে না পারে,
কিচ্ছা কইয়া পীর সাজিয়া ঠকায় মমিনগণে ॥
আবদুল আযীয বলে বংস, যদি জানতে চাও,
দিল রুজু করে বস, মন কর ভাও।
রেয়াজত করিতে যদি মনোবাঞ্ছা থাকে,
দলিল দ্বারা বলে দিব, শুন দিলের কানে।
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:৫।