সন্ধ্যা

 

                 ভোরের সানাই

বাজল কি রে ভোরের সানাই      নিদ্-মহলার আঁধার-পুরে।
শুনছি আজান গগন-তলে          আঁধার-রাতের মিনার-চূড়ে॥

সরাই-খানার্ যাত্রীরা কি           ‘বন্ধু জাগো’ উঠ্‌ল হাঁকি’ ?
নীড় ছেড়ে ঐ প্রভাত-পাখি        গুলিস্তানে চল্‌ল উড়ে ॥

আজকে আবার কা’বার পথে     ভিড় জমেছে প্রভাত হতে।
নামল কি  ফের হাজার স্রোতে    হেরা'র জ্যোতি জগৎ জুড়ে ॥

আবার খালেদ তারিক মুসা        আনল কি খুন-রঙিন্ ভূষা,
আসল ছুটে’ হাসীন ঊষা           নও-বেলালের শিঁরিন্ সুরে ॥

তীর্থ-পথিক্ দেশ-বিদেশের      আরাফাতে আজ জুটল কি ফের,
‘লা শরীক আল্লাহ্’-মন্ত্রের         নাম্‌ল কি বান পাহাড় ‘তূরে’ ॥

আঁজ্‌লা ভরে আনল কি প্রাণ      কারবালাতে বীর শহীদান,
আজকে রওশন জমিন-আস্‌মান  নওজোয়ানির সুর্‌খ্ নূরে ॥