বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুমি সুন্দর হতে সুন্দর মম মুগ্ধ মানস-মাঝে
তুমি সুন্দর হতে সুন্দর মম মুগ্ধ মানস-মাঝে।
ধ্যানে, জ্ঞানে, মম হিয়ার মাঝারে তোমারি মূরতি রাজে॥
তোমারি বিহনে হৃদয় আঁধার
তোমারি বিরহে বহে আঁখি-ধার,
আকাশে বাতাসে নিখিল ভুবনে বেদনার বাঁশি বাজে
─
পাব কি গো দেখা বারেকের তরে আমার জীবন-সাঁঝে॥
- ভাবসন্ধান: এই গানে পরমসত্তাকে পরমসুন্দর রূপে কল্পনা করা হয়েছে।
কবির চিত্তলোকে সেই চিরসুন্দর সত্তাই সর্বক্ষণ বিরাজমান। তাঁর ধ্যান ও জ্ঞানের
কেন্দ্রে একমাত্র সেই অপূর্ব, অনন্ত সৌন্দর্যের অধিকারী রূপই প্রতিভাত হয়।
কিন্তু কখনো কখনো কবি সেই পরমসুন্দরের প্রত্যক্ষ অনুভূতি থেকে বঞ্চিত হন। তখন
তাঁর হৃদয়-জগৎ আলোহীন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। পরমসত্তার বিরহে তাঁর অন্তর
বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে এবং অশ্রুধারায় সেই ব্যথা প্রকাশ পায়।
এই বিরহবেদনা যেন সমগ্র বিশ্বজগতে ছড়িয়ে পড়ে—আকাশে,
বাতাসে, সর্বত্র এক করুণ সুরে বেদনার বাঁশি বেজে ওঠে। এটি আসলে কবির
অন্তর্লোকেরই প্রতিধ্বনি।
অবশেষে কবির মনে এক গভীর সংশয় ও আকাঙ্ক্ষা
জাগে—জীবনের অন্তিম সন্ধ্যায় কি তিনি আর একবার সেই পরমসুন্দরের দর্শন লাভ করতে
পারবেন? এই আকুল প্রত্যাশাই গানের মূল সুর।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩১
খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন
১৩৩৮) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি
প্রথম প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স
ছিল
৩২ বৎসর
৩ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২।
গান সংখ্যা ১৪৫৭। পৃষ্ঠা: ৪৩৮]
- সন্ধ্যামালতী
- প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
- নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫
মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ৫৯। পৃষ্ঠা: ১৫৫]
- রেকর্ড:
- এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩১ (ভাদ্র-আশ্বিন ১৩৩৮)]। পি ১১৭২৯। শিল্পী:
আঙুরবালা। সুর বিমল দাশগুপ্ত।
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন
[নজরুল সঙ্গীত স্বরলিপি, তেতাল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা
১২। পৃষ্ঠা: ৫৯-৬১ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সাধারণ। পরমসত্তা। সুন্দর।
- সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
- তাল:
একতাল [স্বরলিপিতে তালের নাম একতাল উল্লেখ থাকলেও, স্বরলিপি করা
হয়েছে 'দাদরা' তালে]
- গ্রহস্বর: ন