বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হে মোহাম্মদ এসো এসো আমার প্রাণে
হে মোহাম্মদ এসো এসো আমার প্রাণে আমার মনে।
এসো সুখে এসো দুখে আমার বুকে মোর নয়নে॥
আমার দিনের সকল কাজে
যেন তোমার স্মৃতি বাজে,
এসো আমার ঘুমের মাঝে –
এসো আমার জাগরণে॥
কোরান দিলে, দিলে ঈমান, বেহেশ্তের দিশা দিলে,
পাপে তাপে মগ্ন আমায় খোদার রাহে ডেকে নিলে।
তোমায় আমি ভুলব কিসে
আছ আমার রুহে মিশে,
আমি তোমার প্রেমের পাগল রেখো আমায় ঐ চরণে॥
- ভাবসন্ধন: এই গানে কবি হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর প্রেম, শ্রদ্ধা ও আত্মসমর্পণের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তিনি প্রার্থনা করছেন—যেন
তাঁর প্রিয় নবী, তাঁর প্রাণে-মনে বিরাজ করুন। যেন তাঁর সুখ-দুঃখ, দেহ-মন, দৃষ্টি ও জীবনের প্রতিটি মুহূর্তে
তাঁর উপস্থিতি অনুভব করার সৌভাগ্য লাভ করতে পারেন।
কবির ইচ্ছা, তাঁর দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ যেন মহানবীর স্মরণে পরিপূর্ণ হয়। তিনি যেন ঘুমের মধ্যেও নবীর স্মৃতি ধারণ করেন এবং জাগ্রত অবস্থাতেও তাঁর আদর্শ ও প্রেমকে মনে রাখেন। অর্থাৎ জীবনের কোনো মুহূর্তই যেন নবী-স্মরণ থেকে বিচ্ছিন্ন না হয়।
এরপর কবি মহানবীর মানবজাতির প্রতি অবদানের কথা স্মরণ করেছেন। তাঁর মাধ্যমে মানুষ কোরআনের বাণী লাভ করেছে, ঈমানের পথ পেয়েছে এবং বেহেশতের দিশা জেনেছে। পাপ, দুঃখ ও আত্মিক অন্ধকারে নিমজ্জিত মানুষকে তিনি আল্লাহর পথে আহ্বান করেছেন এবং সত্য ও কল্যাণের পথ দেখিয়েছেন। তাই তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা কোনোভাবেই বিস্মৃত হওয়ার নয়।
কবি মনে করেন, মহানবী শুধু তাঁর বাহ্যিক জীবনের আদর্শ নন—তিনি তাঁর
রুহ বা আত্মার সঙ্গে গভীরভাবে মিশে
আছেন । সেই ভালোবাসা এত গভীর যে কবি নিজেকে নবীর প্রেমে ‘পাগল’ বলে
অভিহিত করেছেন। শেষ পর্যন্ত তাঁর একমাত্র আকাঙ্ক্ষা—মহানবীর চরণে আশ্রয় লাভ করা
এবং তাঁর প্রেম ও আদর্শের মধ্যে নিজেকে চিরদিন সমর্পিত রাখা।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৩) মাস , টুইন রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ১১ মাস।
-
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৭৯০। পৃষ্ঠা:
৫৩১।
-
রেকর্ড: টুইন [মে ১৯৩৬ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৩)]। এফটি ৪৩৬৯। শিল্পী: আব্দুল লতিফ।
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম। নাত-এ -রসুল
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান