বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পর হবে তোর আপন জনে
পর হবে তোর আপন জনে (তুই) ভাবনা তবু
করিস্ নে।
হয়ত তরী ডুববে জলে (তবু) তুফান দেখে ডরিস্ নে॥
ছেড়ে যাবে বন্ধু জ্ঞাতি
আসবে ঘিরে আঁধা রাতি,
জ্বালিয়ে পাঁজর জ্বালবে বাতি –
মরবি তবু টলিস্ নে॥
তোর বেদনায় গলবে সবে
তোর আপন জনেই আঁল রবে,
তুই আপন পথে চল নীরবে-
কারুর চরণ ধরিস্ নে॥
- ভাবসন্ধান: এই গানে কবি মানুষকে সাহস, আত্মবিশ্বাস, ধৈর্য এবং আদর্শে অবিচল থাকার শিক্ষা দিয়েছেন। জীবনের পথে নানা প্রতিকূলতা, দুঃখ, একাকীত্ব ও বিশ্বাসঘাতকতা আসতে পারে; কিন্তু এসবের কাছে পরাজিত না হয়ে নিজের ন্যায়পথে দৃঢ়চিত্তে এগিয়ে চলাই এই গানের মূল বার্তা।
গানের শুরুতেই কবি বলেন, জীবনের একসময়ের আপনজনও কখনো পর হয়ে যেতে পারে। আবার জীবনের নৌকা ঝড়ে পড়ে ডুবেও যেতে পারে। কিন্তু এসব আশঙ্কা বা অনিশ্চয়তার কারণে ভীত বা উদ্বিগ্ন হওয়া উচিত নয়। কারণ জীবনের পথ কখনোই সম্পূর্ণ নিরাপদ নয়; সাহসের সঙ্গেই সেই পথ অতিক্রম করতে হয়।
গানের পরবর্তী অংশে কবি আত্মোপলব্ধিতে বলেছেন, কঠিন সময়ে বন্ধু, আত্মীয়-স্বজন অনেকেই পাশে নাও থাকতে পারে। চারদিকে অন্ধকার নেমে আসবে, নিঃসঙ্গতা ঘিরে ধরবে। এমনকি নিজের বুকের পাঁজর জ্বালিয়ে
'অর্থাৎ আত্মত্যগত্যাগে প্রদীপের মতো নিজেকে জ্বালিয়ে- নিজেকেই পথ আলোকিত করতে হবে। প্রয়োজনে মৃত্যু এলেও আদর্শ থেকে বিচ্যুত হওয়া চলবে না। এখানে
'পাঁজর জ্বালবে বাতি' একটি অপূর্ব রূপক, যা আত্মত্যাগ, আত্মশক্তি ও আত্মনির্ভরতার প্রতীক
হিসেবে উপস্থাপিত হয়েছে।
গাবের শেষাংশে কবি পরম আশ্বাসে বলেন যে, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে একদিন মানুষের হৃদয়ে যাবে এবং যারা আজ দূরে সরে গেছে, তারাই একসময় আপনার আপন হয়ে ফিরে আসবে। তবে সেই প্রত্যাশায় কারও কাছে মাথা নত করা বা অনুগ্রহ প্রার্থনা করা উচিত নয়। নিজের বিবেক, আদর্শ ও সত্যের পথে নীরবে এগিয়ে চলাই প্রকৃত মর্যাদা ও আত্মসম্মানের পরিচয়।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৭ জুলাই (সোমবার
১১ শ্রাবণ ১৩৪৩) নজরুলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তি
তালিকায় এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ২ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
১৯৮৮ সংখ্যক গান।
- রেকর্ড:
- রেকর্ড কোম্পানির সাথে চুক্তি [২৭ জুলাই ১৯৩৬ (সোমবার ১১ শ্রাবণ ১৩৪৩)]
- টুইন [সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩ বঙ্গাব্দ)। নাটিকা:
সরলা। নাট্যকার তারকনাথ গঙ্গোপাধ্যায়। এফটি ৪৫৭৮। চরিত্র: বৈরাগী। শিল্পী:
সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়।]
- পর্যায়: