বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ।
হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ।
দিলাম তোমার চরণ-তলে হৃদয়-জায়নামাজ॥
আমি গুনাহ্গার বে-খবর,
নামাজ পড়ার নাই অবসর
(তব) চরণ-ছোঁয়ায় এই পাপীরে কর সর্ফরাজ॥
তোমার ওজুর পানি মোছ আমার পিরান দিয়ে
আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে।
যে শয়তানের ফন্দিতে ভাই,
খোদায় ডাকার সময় না পাই
সেই শয়তান যাক দূরে, শুনে তক্বীরের
আওয়াজ॥
- ভাবসন্ধান: এই গানে একজন অনুতপ্ত মানুষের আত্মশুদ্ধির আকাঙ্ক্ষা, সৎ মানুষের সান্নিধ্য লাভের বাসনা এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে পাপমুক্ত জীবনে ফিরে আসার আন্তরিক প্রার্থনা প্রকাশিত হয়েছে। ঈমান, বিনয়, তওবা এবং নেককার মানুষের প্রভাবেই মানুষের হৃদয় পবিত্র হয়—এই ভাবই গানের মূল প্রতিপাদ্য।
এই ভাবাদর্শে রচিত এই গানে কবি একজন পাপবোধে আক্রান্ত, আত্মসমালোচনাপ্রবণ মানুষের অন্তরের অনুতাপ, ধর্মীয় জাগরণের আকাঙ্ক্ষা এবং সৎ মানুষের সংস্পর্শে আত্মশুদ্ধি লাভের বাসনাকে গভীর আবেগের সঙ্গে প্রকাশ করেছেন। এখানে
'নামাজী' কেবল একজন নামাজ আদায়কারী ব্যক্তি নন; তিনি ঈমান, পবিত্রতা ও আল্লাহভীরুতার প্রতীক।
গানের শুরুতে কবি এক ধর্মপরায়ণ ব্যক্তিকে নিজের ঘরে নামাজ পড়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান। তিনি প্রতীকী ভাষায় বলেন, তাঁর হৃদয়ই যেন জায়নামাজ, যা তিনি সেই নামাজির পদতলে বিছিয়ে দিয়েছেন। এর মাধ্যমে তিনি বিনয়, শ্রদ্ধা এবং নিজের হৃদয়কে আল্লাহর ইবাদতের উপযুক্ত করে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
গানটির পরবর্তী অংশে কবি নিজের দুর্বলতা ও অপরাধ স্বীকার করেন। তিনি বলেন, তিনি একজন গুনাহগার এবং পার্থিব ব্যস্ততা ও অজ্ঞতার কারণে নিয়মিত নামাজ আদায় করতে পারেননি। তাই তিনি আশা করেন, একজন নেককার মানুষের সংস্পর্শ ও দোয়ার বরকতে তাঁর পাপমুক্তি হবে এবং আল্লাহ তাঁকে সম্মান ও হেদায়েত দান করবেন।
'সরফরাজ' শব্দটি এখানে আধ্যাত্মিক মর্যাদা ও আল্লাহর সন্তুষ্টি লাভের প্রতীক।
এরপর কবি কাব্যিক ভাষায় বলেন, সেই নামাজির ওজুর পানি তিনি নিজের পোশাক দিয়ে মুছে দিতে চান এবং তাঁর ঘর যেন সেই পবিত্র উপস্থিতির মাধ্যমে মসজিদের মতো পবিত্র হয়ে ওঠে। এখানে বাস্তব অর্থে ওজুর পানি মোছানো নয়; বরং ধর্মপরায়ণ মানুষের সংস্পর্শে নিজের জীবন ও পরিবেশকে পবিত্র করার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
গানটর শেষাংশে কবি বলেন, শয়তানের প্ররোচনায় মানুষ অনেক সময় আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে দূরে সরে যায়। তিনি প্রার্থনা করেন, যেন তকবীরের ধ্বনি—“আল্লাহু আকবার”—শুনে সেই শয়তানি প্রভাব দূর হয়ে যায় এবং তাঁর অন্তরে ঈমান ও ইবাদতের জাগরণ ঘটে। অর্থাৎ আল্লাহর স্মরণই মানুষের আত্মিক মুক্তি ও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষার উপায়।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২) রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয় চুক্তি হয়েছিল। এই চুক্তিতে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর
৬ মাস।
- গ্রন্থ:
- জুলফিকার
দ্বিতীয় সংস্করণ [ডিসেম্বর, ১৯৫২ (পৌষ ১৩৫৯ বঙ্গাব্দ)]
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২৯৭]
- রেকর্ডসূত্র:
- ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২) রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয় চুক্তি হয়েছিল। এই চুক্তিতে এই গানটি ছিল।
- টুইন [ফেব্রুয়ারি ১৯৩৬ (মাঘ-ফাল্গুন ১৩৪২)। এফটি
৪২৬৩। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ। মালবশ্রী-কার্ফা।]
- স্বরলিপি ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি
১৯৯৭)-এর
২৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ১১০-১১২।]
[নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ:
ধর্মসঙ্গীত। ইসলাম। ধর্মাচারণ
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- রাগ: মালবশ্রী
- তাল:
কাহারবা
- গ্রহস্বর:
স।