বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নামাজ রোজা হজ্-জাকাতের পসারিণী আমি
নামাজ রোজা হজ্-জাকাতের পসারিণী আমি
নবীর কলমা হেঁকে ফিরি পথে দিবস-যামী॥
আমার নবীজীর পিয়ারি আয়্রে ছুটে মুসলিম নারী,
দ্বীনের সওদা করবি কে আয় আয় রে মুক্তি কামী॥
জন্ম আমার হাজার বছর আগে আরব দেশে
সারা ভুবন ঠাঁই দিয়েছে আমায় ভালোবেসে।
আমার আজান ধ্বনি বাজে- কুল্ মোমিনের বুকের মাঝে
আমি নবীর মানস কন্যা আল্লাহ্ মোর স্বামী॥
-
ভাবসন্ধান: এই গানে ইসলাম ধর্মকে একজন নারীর রূপকে (রূপক-চরিত্র) কল্পনা করা হয়েছে। তিনি নিজেকে নামাজ, রোজা, হজ, জাকাত এবং নবীর কালিমার প্রচারক হিসেবে পরিচয় দিয়েছেন। গানের মূল বক্তব্য হলো- ইসলামের আদর্শ মানুষের মুক্তি, শান্তি ও কল্যাণের পথ; তাই বিশেষ করে মুসলিম নারীদের সেই আদর্শ গ্রহণ ও প্রচারে এগিয়ে আসা উচিত।
গানের শুরুতে রূপক-নারী নিজেকে "নামাজ রোজা হজ্-জাকাতের পসারিণী" বলে পরিচয় দেন।
সাধারণ অর্থে পসারিণী হলো- নারী ফেরিওয়ালা। পসারিণী শব্দটি ' পণ্য বিতরণ কারী'
অর্থে ব্যবহার করা হয়েছে। এই পসারিণী নামাজ, রোজা, হজ, জাকাত এবং নবীর কালিমা দ্বারে
দ্বারে বিতরণ করেন। এর দ্বারা মূলত ইসলামের শিক্ষা প্রচারের অবিরাম প্রয়াসকে বোঝানো হয়েছে।
গানটির পরবর্তী অংশে তিনি ইসলামের ঐতিহাসিক পরিচয় তুলে ধরেন। তাঁর জন্ম আরবভূমিতে
বহু শতাব্দী আগে হলেও আজ সারা পৃথিবীতে মানুষ তাঁকে ভালোবেসে গ্রহণ করেছে। অর্থাৎ
ইসলামের বাণী একটি নির্দিষ্ট অঞ্চল বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়; তা বিশ্বজনীন। এই
বক্তব্যের মাধ্যমে কবি ইসলামের সর্বজনীনতা ও মানবকল্যাণের আদর্শকে তুলে ধরেছেন।
শেষ স্তবক তিনি অকপটে ব্যক্ত করেছেন এই বলে- যে তাঁর আজানের ধ্বনি প্রতিটি মুমিনের হৃদয়ে অনুরণিত হয়। তিনি নিজেকে "নবীর মানসকন্যা" বলে পরিচয় দেন, অর্থাৎ তিনি মহানবী (সা.)-এর আদর্শ, শিক্ষা ও আধ্যাত্মিক উত্তরাধিকারের প্রতীক।
যিনি তাঁকে আধ্যত্মিক জগতে নতুন শিষ্যারূপে জন্ম দিয়েছেন। একই সাথে "আল্লাহ মোর স্বামী"
বলেছেন। এখানে স্বামী অর্থ হলো- প্রভু। এর দ্বারা বোঝানো হয়েছে, তাঁর সমগ্র সত্তা, আনুগত্য ও আত্মসমর্পণ একমাত্র আল্লাহর প্রতি নিবেদিত।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা
যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি
রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই
চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৫৮১ গান।
- রেকর্ড:
- এইচএমভির
সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার,
১ আশ্বিন ১৩৪২)]
- এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৬ (মাঘ-ফাল্গুন ১৩৪২)।
এন ৭৪৮৭। শিল্পী: সাকিনা বেগম (আশ্চর্যময়ী )]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- নীলিমা দাস। [নজরুল
সঙ্গীত স্বরলিপি, একত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন,
১৩৯৭ বঙ্গাব্দ/ফেব্রুয়ারি, ২০০৭ খ্রিষ্টাব্দ] ১৪ সংখ্যক গান। সাকিনা বেগম
(আশ্চর্যময়ী )-এর
গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম ধর্ম। প্রচারিণী
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য