বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
৯৯
শিরোনাম: কে দেখ্‌বি ছুটে আয়


   বসন্ত-জলদ একতালা
কে দেখ্‌বি ছুটে আয়,
আজ, গিরি-ভবন আনন্দের তরঙ্গে ভেসে যায়!
ঐ ‘মা এল, মা এল’ বলে,
কেমনে ব্যগ্র কোলাহলে,
উঠি-পড়ি ক’রে সবাই আগে দেখ্‌তে চায়।
নিষ্কলঙ্ক চাঁদের মেলা
শ্রীপদনখে ক’চ্ছে খেলা,
(একবার) ঐ চরণে নয়ন দিয়ে সাধ্য করে ফিরায়?
কি উন্মুক্ত শোভার সদন,
ফুল্ল অমল কমল বদন,
সিদ্ধি, শৌর্য্য, সোনার ছেলে অভয় কোলে ভায়।
কান্ত কয়, ভাই নগরবাসি!
তোদের সপ্তমীতে পৌর্ণমাসী,
–
দশমীতে অমাবস্যা, তোদের পাঞ্জিকায়।