বিষয়: শেখ ভানু রচিত গান
শিরোনাম: এইবার আর হইল না বেপার
গান সংখ্যা: ২৬
এইবার আর হইল না বেপার
আসিয়া এই ভবের হাটে, না জানি কোন দশা ঘটে
বেচাকেনা নাই শুমার॥
ও মনা ভাই, তোমার বুঝতে হইল ভুল, করিয়া গণ্ডগোল
ঘরে বইয়া ভাঙিয়া খাইলে মহাজনের মূল॥
দিন তো গেল রে মনা ভাই দিন তো গেল,
সন্ধ্যা হইল ভাঙিব ভবের এ বাজার॥
ও মনা ভাই, মহাজনের ধন করলে বিতরণ,
খরিদ করলে, ঘুণের গুঁড়া মূল্য দিয়া রতন॥
ও মনা ভাই, সুজন বেপারী কইরে চাতরি
মহাজনের সদর অফিসে করছে নামজারি॥
ও তোর হিসাব খাতা, বেচাকেনা সবই রইল বাকি,
আলস্যে, মহাজনের কড়ি বনে থুইয়া
কুচিন্তা কইরাছ সার, হিসাব তোর মূলেই অপরিষ্কার॥
ও মনা ভাই, তোর হিসাবের দিন হইব রে কঠিন
ধুলায় পইড়া কান্দবে রে তুই, যেমন জল ছাড়া হয় মীন॥
ভানু বলে, হিসাব কালে, মুর্শিদের চরণই সার॥
বেচোকেনা নাই শুমার॥
পর্যায়
তথ্যসূত্র
- ১. বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৪২