বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৯০
শোনো হে আমার মন বলি যে তোমারে
ধন পাইয়া ভুইলাছ মাবুদ রে
আল্লাহতায়ালা দেয় ধন লিয়া বুঝে মন
ইহার নিকাস লইবে মুদিলে নয়ন॥
স্ত্রী-পুত্র মালমাত্তা জায়গা বাড়ি ঘর
সময়ে সঙ্গের সাথী অসময়ে সবই পর
যেই ধন জমাইয়াছ মন ঘরেতে তোমার
এক কড়ি নাহি দাও নামেতে আল্লাহর॥
ফকির মিসকিন লোকের না লও খবর
বখিলী২ খাতায় নাম লেখা হবে তোর॥
খাইতে পাবে না বইলা ভয় করে মনে
কেমনে বাঁচিয়া আছে পশু-পক্ষীগণে॥
আল্লাতায়ালা যাহা দেয় তা উঠাইয়া খায়
কিছু নাহি জমা রাখে আপনা বাসায়॥
জীবজন্তু যা আছে তামাম৩ জাহান৪
কারনা উপাস রাখে, খাইয়ে রাখে সেই তো সোবহান॥
শোনো হে আমার মন করিয়া যে গওর৫
বড়ো এক আজদাহ৬ ছিল পাহাড় উপর॥
বড়ো মোটা কদ৭ তার দরাজ অজুদ৮
একেলা পড়িয়া রইত হইয়া সজুদ৯॥
দুই চক্ষু অন্ধ তার না ছিল জবান
সবুর করিয়া রইত আল্লাহর মুমিন॥
এক মর্দ কাঠুরিয়া কাষ্ঠ আনিবারে
কুড়াল লইয়া গেল সেই তো পাহাড়ে॥
যাইয়া উঠিল এক দরক্ত১০ উপর
সেই তো সাপের উপরে পড়িল নজর॥
দেখিতে দেখিতে এক হরিণ আসিয়া
শুঙ্গিতে১১ লাগিল সাপের মুখে মুখ দিয়া॥
তাকে ধরিয়া সাপ করিল আহার
দেখো আমার মন কুদরত আল্লার॥
আল্লার কুদরত মর্দ বুঝতে পারিয়া
আকুল হইয়া রয় কুড়ালী ছাড়িয়া॥
গাছ হইতে উতরিল১২ জমিন উপর
সবুরের রশি এক বান্ধিল কোমর॥
তাওয়াকুলের১৩ তাজ১৪ দিল তুলিয়া মাথায়
ফকির হইয়া গেল আল্লাহর রাহায়১৫॥
কসম খাইল মর্দ দিলে আপনার
ফিকির১৬ করিয়া রুটি না খাইব আর
আল্লাহ দেয় যদি তবে তো খাইব
নহে তো আল্লার রাহে মরিয়া যাইব॥
মনে মনে মনকে বুঝায় আপনার
অরণ্য-জঙ্গলেতে হইল রাহাদার১৭
হাটিতে হাঁটিতে যে হইয়া গেল সাম১৮
এক দক্তের১৯ তলে করিল মোকাম২০॥
অধমে আরজ ২১ করি শোনো হে এয়ার২২
ত্রিপদীতে২৩ গাই এবার ছাড়িয়া পয়ার২৪॥
বসিয় তক্তের তলে, সেই মর্দ কান্দিয়া বলে
আয় আল্লাহ পরোয়ার দেগার
রাখো মারো যাহা করো, সকলই করিতে পারো
মোর পানে চাও একবার॥
এই রূপে সারা রাত, কহিল অনেক বাত২৫
দরগাতে সুপিয়া দিল জান
কুদরত কামাল সাই, মাল মাত্তার কমি নাই
বখশীলেন২৬ মেওয়ার২৭ বাগান॥
সেই বাগানের ফল, রসে অতি টলমল
খাইতে বহুত মজাদার
সেই রঙ দিয়াছে তারে, ছিদরিফ২৮ হইতে বারে
বিচি তার ভিতরে সোনার
ফল ধরে থরে থরে, কোন ফল হইয়াছে চালি২৯
কোন গাছে ফুল ধরা, যেমন আসমানের তারা॥
কোন ফুল হইয়াছে কলি, কুদরতী হাওয়ার জুরে
আপনি ঝরিয়া পড়ে
সেই মর্দ বসিয়াছে তায়, দোগানা৩০ নমাজ পড়ি
আল্লার লগে দোস্ত জুরি, তুলিয়া তুলিয়া ফল খায়॥
ভাবিয়া শেখ ভানু বলে সবুরীতে মেওয়া ফলে
আয় মন জানিতে এছাই৩১
সবুরের সেই বাণী, মধ্যে গাঙ্গে টানাটানি
আখেরেতে হইবে তওয়াই৩২॥১
পর্যায়
- বিষয়াঙ্গ : সংসারতত্ত্ব
- সুরাঙ্গ : তথ্য পাওয়া যায়নি
টীকা
- বখিলী (কৃপণতা)২
- তামাম (সমস্ত,সকল)৩
- জাহান (পৃথিবী,দুনিয়া,বিশ্ব)৪
- গওর (চিন্তা-ভাবনা করা,ধ্যান করা)৫
- আজদাহ (অতিকায় সাঁপ,অজগর)৬
- কদ (দেহের উচ্চতা)৭
- অজুদ (দেহ,শরীর)৮
- সজুদ (সিজদারত,ভূমিতে কপাল স্পর্শ করে বসে থাকা অবস্থা)৯
- দরক্ত (দেরাখ্ৎ,বৃক্ষ,গাছ,তরু)১০
- শুঙ্গিতে (শুকতে,ঘ্রাণ নিতে)১১
- উতরিল (নামিলো)১২
- তাওয়াক্কুল (ভরসা করসা, নির্ভর করা, আস্থা রাখা)১৩
- তাজ (মুকুট,টোপর)১৪
- রাহা (রাস্তা,সড়ক,পথ)১৫
- ফিকির (চিন্তাভাবনা,পরিকল্পনা)১৬
- রাহাদার (রাহগীর,পথিক,যাত্রী)১৭
- সাম (সন্ধ্যা)১৮
- দক্তের (দেরাখৎ,বৃক্ষ,গাছ তরু)১৯
- মোকাম (ঠিকানা,আশ্রয়)২০
- আরজ (আবেদন,নিবেদন,দরখাস্ত)২১
- ইয়ার (বন্ধু,দোস্ত)২২
- ত্রিপদী (পঙক্তিতে ২টি করে মধ্যযতি ও ১৪ এর বেশী মাত্রা থাকে)২৩
- পয়ার (পঙক্তিতে সাধারণত ১৪ অক্ষর থাকে)২৪
- বাত (কথা)২৫
- বখ্শা (দান করা)২৬
- মেওয়া (শুস্ক ও পুষ্টিকর ফলসমূহ যেমনঃ বেদানা,আঙ্গুর,ডালিম,বাদাম)২৭
- ছিদরিফ (?)২৮
- চালি (যেসব ফল ঘরের বা বারান্দার চালে হয়,লাউ,মিষ্টি কুমড়া ইত্যাদি)২৯
- দোগানা (দোগানে,দুই রাকাত বিশিষ্ট নামাজ)৩০
- অ্যায়ছা (এমন)৩১
- তওয়াই (পার হয়ে যাওয়া)৩২
তথ্যসূত্র
১. বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা:১০৮-১০৯
২. ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান,আলী আভারসাজী,মার্চ ১৯৯৮,ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা।পৃষ্ঠা:৯৭
৩. ফরহঙ্গ-এ-জাদীদ,জানুয়ারী ১৯৯৮,রশিদিয়া লাইব্রেরী,৪/৫ চক সার্কুলার রোড,ঢাকা-১২১১।পৃষ্ঠা:২৪৮
৪. প্রাগুক্ত,ফরহঙ্গ-এ-জাদীদ।পৃষ্ঠা:৩০৭
৫. প্রাগুক্ত,ফরহঙ্গ-এ-জাদীদ।পৃষ্ঠা:৬০৫
৬. প্রাগুক্ত,ফরহঙ্গ-এ-জাদীদ।পৃষ্ঠা:২০
৭. প্রাগুক্ত,ফরহঙ্গ-এ-জাদীদ।পৃষ্ঠা:৬২৭
৮. প্রাগুক্ত,ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান।পৃষ্ঠা:১০০৬
৯. প্রাগুক্ত,ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান।পৃষ্ঠা:৪৫০
১০. প্রাগুক্ত,ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান।পৃষ্ঠা:৩৪৩
১১. বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান,ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত,তৃতীয় পুণর্মূদ্রন জুন ২০০৯,।পৃষ্ঠা:৯৪৩
১২. প্রাগুক্ত,ফরহঙ্গ-এ-জাদীদ।পৃষ্ঠা:৭
১৩. আল মুজামুল ওয়াফী,ড.মুহাম্মদ ফজলুর রহমান, ষষ্ঠ সংস্করণ মে ২০০৯,রিয়াদ প্রকাশনী,৩৪ নর্থব্রুক হল রোড,বাংলাবাজার,ঢাকা।পৃষ্ঠা:৩৩৫
১৪. সংসদ বাংলা অভিধান, দেবজ্যোতি দত্ত, সাহিত্য সংসদ, ৩২/এ আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা ৭০০০০৯, এপ্রিল ২০০২।পৃষ্ঠা:২৬১
১৫. প্রাগুক্ত,ফরহঙ্গ-এ-জাদীদ।পৃষ্ঠা:৪৬৩
১৬. প্রাগুক্ত,ফরহঙ্গ-এ-জাদীদ।পৃষ্ঠা:৬১৯
১৭. প্রাগুক্ত,ফরহঙ্গ-এ-জাদীদ।পৃষ্ঠা:৪৬৪
১৮. Persian-English-Dictionary,F.Steingass.PhD,First Indian Edition 1973,Munshiram Manoharlal Publishers Pvt Ltd,54 Rani Jhansi Road,New Delhi 110055-Page:724
১৯. প্রাগুক্ত,ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান।পৃষ্ঠা:৩৪৩
২০. পারসীক অভিধান,শ্রী জয়গোপাল তর্কালঙ্কার,শ্রীরামপুরে মুদ্রিত,১২৪৫ বঙ্গাব্দ।পৃষ্ঠা:৬৩
২১. সরল বাঙ্গালা অভিধান,সুবলচন্দ্র মিত্র সংকলিত,৮ম সংস্করণ জুলাই ১৯৮৪, নিউ বেঙ্গল প্রেস প্রাইভেট লিঃ, ৬৮ কলেজ স্ট্রীট, কলিকাতা ৭০০০৭৩।পৃষ্ঠা:২১৮
২২. প্রাগুক্ত,ফরহঙ্গ-এ-জাদীদ।পৃষ্ঠা:৮৪৩
২৩. বাংলা ছন্দশিল্প ও ছন্দচিন্তার অগ্রগতি,প্রবোধচন্দ্র সেন,সেপ্টেম্বর ১৯৮৯,৪৫ বেনিয়াটোলা লেন,কলকাতা ৭০০০০৯।পৃষ্ঠা:২০
২৪. প্রাগুক্ত,বাংলা ছন্দশিল্প ও ছন্দচিন্তার অগ্রগতি।পৃষ্ঠা:১৪
২৫. প্রাগুক্ত,ফরহঙ্গ-এ-জাদীদ।পৃষ্ঠা:৭০
২৬. প্রাগুক্ত,ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান।পৃষ্ঠা:৯৭
২৭. প্রাগুক্ত,সংসদ বাংলা অভিধান।পৃষ্ঠা:৫০৪
২৮. তথ্য পাওয়া যায়নি।
২৯. প্রাগুক্ত,বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান।পৃষ্ঠা:২৬৩
৩০. প্রাগুক্ত,ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান।পৃষ্ঠা:৩৬৯
৩১. বাংলা-হিন্দী-ইংরাজি ত্রিভাষা অভিধান খণ্ড-১,প্রথম প্রকাশ ২০০২,কেন্দ্রীয় হিন্দী নিদেশালয়,মাধ্যমিক শিক্ষা এবং উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ,মানব সংসাধন বিকাশ মন্ত্রণালয়,ভারত সরকার।পৃষ্ঠা:২৫৪
৩২. প্রাগুক্ত,ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান।পৃষ্ঠা:৫৮৫