মতলুব আলী'র গান

            ১০
'একুশ মানে মাথা নত না করা',
একুশ মানে সংগ্রামী চেতনা,
আত্মত্যাগের মহা-মহিমায় বিপদে ঝাঁপিয়ে পড়া
—

ফাগুনের লাল আবির ছড়ানো আকাশে
ওড়ে একুশ নামের পতাকা;
রৌদ্রে পোড়েনি,
ঝড়-ঝঞ্ঝাও পারেনি উড়িয়ে নিতে
—
কতো মহাজন কতো অভাজন
স্মৃতির মিনার চেয়েছে গুড়িয়ে দিতে;
একুশ অহংকারের ঠিকানা বেগবান স্রোতধারা
—
একুশ কখনও পরাজয় মানে না॥

একুশের লাল মশাল এখনও জ্বলে রে,
জ্বলে একুশ নামের তারাটি:
সে আলো নেভে না, ষড়যন্ত্রীরা একে একে পিছু হটে
—
চির-তরুণের দৃঢ়তায় গড়া
শহীদ মিনার এখনও গর্জে ওঠে;
পৃথিবীর কোনো প্রান্তে মোছাতে মায়ের অশ্রুধারা
—
মনে রেখো এই একুশের ঠিকানা॥

রচনাকাল: ১৯৮৯
পর্যায়: মাতৃভাষা, ১০।
সুরকার: মতলুব আলী।


গ্রন্থসূত্র: মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।