বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হরি নামের সুধায় ক্ষুধা তৃষ্ণা নিবারি
হরি নামের সুধায় ক্ষুধা তৃষ্ণা নিবারি।
হরি নাম বসন, হরি নাম ভূষণ, আমি হরি-প্রেম-ভিখারি॥
পরিয়া শ্রীহরি-নামের মালা,
ভুলিব পিতার অনাদর জ্বালা
হরিনামের সুধায় ক্ষুধা তৃষ্ণা নিবারি॥
যাব বনে মার সনে
শ্রীহরিরে আঁখি-নীরে কব প্রাণে ব্যথা!
আমারে আর মোর জননীরে হেন,
দীনবন্ধু এত দুঃখ দাও কেন
করুণা-সিন্ধু তুমি দুঃখ হারী॥
-
ভাবসন্ধান: বৈষ্ণবরা দুঃখ, বঞ্চনা ও পার্থিব অভাবের মধ্যে হরি নাম ও প্রেমকে একমাত্র আশ্রয় হিসেবে
মান্য করেন। ব্যক্তিগত জীবনের পিতৃ-অনাদর, মাতৃবেদনা ও অসহায়ত্ব এখানে ভক্তির সঙ্গে মিশে গেছে।
এই ভাবাদর্শে রচিত এই গানে উপস্থাপিত হয়েছে হরি নামের মহিমা।
গানের শুরুতেই বলা হয়েছে—“হরি নামের সুধায় ক্ষুধা তৃষ্ণা নিবারি”। অর্থাৎ, কবির কাছে হরিনামই অমৃতস্বরূপ। তাঁর পার্থিব অভাব-অনটন, ক্ষুধা-তৃষ্ণা ও দুঃখকে হরিনামের আধ্যাত্মিক সুধা ভুলিয়ে দেয়। হরিনামই তাঁর বসন ও ভূষণ; তাঁর কোনো জাগতিক ঐশ্বর্যের প্রয়োজন নেই। তিনি নিজেকে তাই “হরি-প্রেম-ভিখারি” বলেছেন—তিনি জগতের সম্পদ চান না, কেবল ঈশ্বরের প্রেম ভিক্ষা করেন।
“পরিয়া শ্রীহরি-নামের মালা, ভুলিব পিতার অনাদর জ্বালা”—এই পংক্তিতে ব্যক্তিগত বেদনা আরও স্পষ্ট হয়ে ওঠে। পিতার অবহেলা ও অনাদরের যে দুঃখ তাঁর হৃদয়ে জমে আছে, হরিনামের আশ্রয়ে তিনি সেই দুঃখ ভুলে থাকতে চান। এখানে ধর্মীয় ভক্তির সঙ্গে পারিবারিক বঞ্চনা ও শিশুমনের অভিমান একাকার হয়েছে।
এরপর তাঁর জীবনের অনিশ্চয়তা ও বিচ্ছিন্নতার চিত্র ফুটে ওঠে—“যাব বনে মার সনে”। মায়ের সঙ্গে বনবাসে যাওয়ার কল্পনায় তাঁর মনে শ্রীহরির প্রতি গভীর আকুলতা জেগে ওঠে। তিনি যেন অশ্রুসিক্ত চোখে হরিকে নিজের হৃদয়ের ব্যথার কথা জানাতে চান।
গানের শেষাংশে ব্যক্তিগত বেদনা এক গভীর হরির কাছে অনুযোগে পরিণত হয়েছে। তিনি প্রশ্ন করেন—“আমারে আর মোর জননীরে হেন, দীনবন্ধু এত দুঃখ দাও কেন”। অর্থাৎ, তিনি যেমন দুঃখভোগ করছেন, তেমনি তাঁর জননীও কষ্ট পাচ্ছেন—তাহলে দীন-দুঃখীর বন্ধু
হরি কেন তাঁদের এত দুঃখ দিচ্ছেন? কিন্তু এরপরও তাঁর হরির প্রতি বিশ্বাস নষ্ট হয় না। বরং শেষ পর্যন্ত তিনি
হরিকেই “করুণা-সিন্ধু” এবং “দুঃখহারী” বলে সম্বোধন করেছেন।
-
রচনাকাল ও স্থান:
১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ‘ধ্রুব’ নামক
চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল।
এই সময়
নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
-
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২১২৯। চলচ্চিত্র : ‘ধ্রুব’
।
পৃষ্ঠা: ৬৪১]
-
চলচ্চিত্র:
ধ্রুব। ক্রাউন টকি হাউস।
১ জানুয়ারি ১৯৩৪ (সোমবার, ১৭ পৌষ ১৩৪০)।
ধ্রুব-এর
গান। শিল্পী মাস্টার প্রবোধ]
-
পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দধর্ম। বৈষ্ণব। হরি। নামকীর্তন