বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায়
পাঠ ও পাঠভেদ:
          দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায়—
জনম জনম এই চলেছে, মরণ কভু তারে থামায় ?।
যখন      তোমার গানে আমি জাগি আকাশে চাই তোমার লাগি,
আবার     একতারাতে আমার গানে মাটির পানে তোমায় নামায় ॥
ওগো,     তোমার সোনার আলোর ধারা, তার ধারি ধার—
আমার     কালো মাটির ফুল ফুটিয়ে শোধ করি তার।
আমার     শরৎরাতের শেফালিবন সৌরভেতে মাতে যখন
তখন      পালটা সে তান লাগে তব শ্রাবণ-রাতের প্রেম-বরিষায় ॥