বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক
১৪১২ )-এর পূজা
পর্যায়ের ৩৬৭ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব
৩৪:
সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে।
সবার মাঝারে তোমারে হৃদয়ে বরিব হে ॥
শুধু আপনার মনে নয়, আপন ঘরের কোণে নয়,
শুধু আপনার রচনার মাঝে নহে— তোমার মহিমা যেথা উজ্জ্বল রহে
সেই সবা-মাঝে তোমারে স্বীকার করিব হে।
দ্যুলোকে ভূলোকে তোমারে হৃদয়ে বরিব হে ॥
সকলই তেয়াগি তোমারে স্বীকার করিব হে।
সকলই গ্রহণ করিয়া তোমারে বরিব হে।
কেবলই তোমার স্তবে নয়, শুধু সঙ্গীতরবে নয়,
শুধু নির্জনে ধ্যানের আসনে নহে— তব সংসার যেথা জাগ্রত রহে,
কর্মে সেথায় তোমারে স্বীকার করিব হে।
প্রিয়ে অপ্রিয়ে তোমারে হৃদয়ে বরিব হে ॥
জানি না বলিয়া তোমারে স্বীকার করিব হে।
জানি ব'লে, নাথ, তোমারে হৃদয়ে বরিব হে।
শুধু জীবনের সুখে নয়, শুধু প্রফুল্লমুখে নয়,
শুধু সুদিনের সহজ সুযোগে নহে— দুখশোক যেথা আঁধার করিয়া রহে
নত হয়ে সেথা তোমারে স্বীকার করিব হে।
নয়নের জলে তোমারে হৃদয়ে বরিব হে ॥
-
তথ্যসন্ধান
- পাণ্ডুলিপির পাঠ:
RBVBMS
426 (ii)
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
- রচনাকাল ও স্থান: RBVBMS 426 (ii)
পাণ্ডুলিপিতে লিখিত গানটির নিচে
রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে- '২৬শে
জ্যৈষ্ঠ/১৩১১। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৩ বৎসর ২ মাস।
উল্লেখ্য, গ্রীষ্মের ছুটির পর ১৫ জ্যৈষ্ঠ (শনিবার ২৮ মে) তারিখে পুনরায়
বিদ্যালয় খুলবে। এই উপলক্ষে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে আসেন। ২০ জ্যৈষ্ঠ থকে ২৬
জ্যৈষ্ঠ পর্যন্ত রবীন্দ্রনাথ মোট ছয়টি গান রচনা করেন। আলোচ্য গানটি রচিত
হয়েছিল ২৬শে
জ্যৈষ্ঠ।
[৪৩ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- কাঙ্গালীচরণ সেন। [ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ]
- পর্যায়:
- লয়: মধ্য