বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে
পাঠ ও পাঠভেদ:
      ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে,
      দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে ॥
হেরো গো অন্তরে অরূপসুন্দরে, নিখিল সংসারে পরমবন্ধুরে,
     এসো আনন্দিত মিলন-অঙ্গনে শোভন মঙ্গল সাজে ॥
কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষ  হউক নির্মল, হউক নিঃশেষ—
     চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকাজে।
স্বর তরঙ্গিয়া দাও বিহঙ্গম, পূর্বপশ্চিমবন্ধুসঙ্গম—
     মৈত্রীবন্ধনপুণ্যমন্ত্র-পবিত্র বিশ্বসমাজে ॥