বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ভুবনজোড়া আসনখানি
পাঠ ও পাঠভেদ:
                    ভুবনজোড়া আসনখানি
        আমার হৃদয়-মাঝে বিছাও আনি॥
        রাতের তারা, দিনের রবি,     আঁধার-আলোর সকল ছবি,
তোমার আকাশ-ভরা সকল বাণী—
                    আমার  হৃদয়-মাঝে বিছাও আনি॥
                    ভুবনবীণার সকল সুরে
        আমার হৃদয় পরান দাও-না পূরে।
        দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ—
 তোমার করুণ শুভ উদার পাণি
                    আমার হৃদয়-মাঝে দিক্-না আনি॥