বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়।
পাঠ ও পাঠভেদ:
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়।
তিমিরবিদার উদার অভ্যুদয়, তোমারি হউক জয় ॥
     হে বিজয়ী বীর, নব জীবনের প্রাতে
     নবীন আশার খড়্গ  তোমার হাতে—
জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয় ॥
এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারি হউক জয়।
এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারি হউক জয়।
     প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে,
     দুঃখের পথে তোমারি তূর্য বাজে—
অরুণবহ্নি জ্বালাও চিত্তমাঝে, মৃত্যুর হোক লয় ॥