বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে তোমার বিশ্বের সভাতে
পাঠ ও পাঠভেদ:
মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে তোমার বিশ্বের সভাতে
                    আজি এ মঙ্গলপ্রভাতে ॥
উদয়গিরি হতে উচ্চে কহো মোরে : তিমির লয় হল দীপ্তিসাগরে—
স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো, সব জড়তা হতে জাগো জাগো রে
                    সতেজ উন্নত শোভাতে ॥
বাহির করো তব পথের মাঝে,  বরণ করো মোরে তোমার কাজে।
নিবিড় আবরণ করো বিমোচন,   মুক্ত করো সব তুচ্ছ শোচন,
ধৌত করো মম মুগ্ধ লোচন   তোমার উজ্জ্বল শুভ্ররোচন
                    নবীন নির্মল বিভাতে ॥